পৌর নাগরিক সেবায় আমূল পরিবর্তনের প্রত্যাশা, নিরলসভাবে কাজ করছেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম বিন আখতার
জন্মনিবন্ধন, মৃত্যু সনদ ও নাগরিক সনদসহ গুরুত্বপূর্ণ সেবা এখন ১ থেকে ২ কার্যদিবসেই পাচ্ছেন পৌরবাসী, কমেছে ভোগান্তি ও হয়রানি।
মোঃ জাবেদ হোসেনঃ পৌরসভার নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম বিন আখতার। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিকদের ভোগান্তি কমানো এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
জানা যায়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে পৌরসভার গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো দ্রুততম সময়ে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে সময়সীমা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে এসব সেবা পেতে পৌর নাগরিকদের ১ থেকে ২ কার্যদিবস অপেক্ষা করতে হচ্ছে। অথচ অতীতে একই ধরনের সেবা পেতে নাগরিকদের ১০ থেকে ৩০ কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হতো বলে অভিযোগ ছিল। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন সেবাগ্রহীতারা। পৌরসভার বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের তুলনায় বর্তমানে সেবা গ্রহণের প্রক্রিয়া অনেক সহজ ও দ্রুত হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর স্বল্প সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে। ফলে অযথা দিনের পর দিন পৌরসভায় আসা-যাওয়া করতে হচ্ছে না।
সেবাগ্রহীতারা জানান, বর্তমানে নাগরিক সেবা নিতে এসে তারা আগের মতো হয়রানি কিংবা দীর্ঘসূত্রতার মুখোমুখি হচ্ছেন না। খুব সহজেই প্রয়োজনীয় সেবা হাতে পাচ্ছেন। এতে সাধারণ মানুষের সময়, শ্রম ও ভোগান্তি কমেছে। পৌরসভার এমন ইতিবাচক পরিবর্তনে তারা সন্তোষ প্রকাশ করেন।
একটি পৌরসভার মূল দায়িত্ব হচ্ছে নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সনদ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। এসব সেবা পেতে মানুষকে দীর্ঘদিন অপেক্ষা করতে হলে স্বাভাবিকভাবেই ভোগান্তির সৃষ্টি হয়। তাই দ্রুত সেবা প্রদান, স্বচ্ছতা বজায় রাখা এবং নাগরিকদের সঙ্গে আন্তরিক আচরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম বিন আখতারের দায়িত্ব গ্রহণের পর নাগরিক সেবায় যে গতিশীলতার কথা সেবাগ্রহীতারা তুলে ধরছেন, তা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পৌরসভার প্রতি নাগরিকদের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সচেতন মহল।
পৌরবাসীর প্রত্যাশা, নাগরিক সেবার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেবার মান আরও উন্নত হবে, প্রতিটি নাগরিক সহজে ও সম্মানের সঙ্গে প্রয়োজনীয় সেবা পাবেন এবং কোনো নাগরিককে যেন অযথা হয়রানি কিংবা দীর্ঘসূত্রতার শিকার হতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুততম সময়ে নাগরিক সেবা নিশ্চিত করার এই উদ্যোগ অব্যাহত থাকুক এমন প্রত্যাশা পৌরবাসীর।

