গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন সহিংসতায় জড়িতদের ধরতে অভিযান, মাঠে ১০ প্লাটুন বিজিবি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি মাঠে রয়েছে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ), র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

ডিআইজি বলেন, জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ শহর, পৌরসভা ও চার উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার মহাসড়কে চলছে ক্রস পেট্রোলিং।

রোববারের সহিংসতার ঘটনায় মামলা ও গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না। পুলিশের প্রধান লক্ষ্য জনজীবন স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

আগামী ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘিরে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রোববার দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সোমবার গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। সকাল থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। শহরের সড়কে ফিরেছে যানবাহন চলাচল। ঢাকা-খুলনা মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। নতুন করে যাতে কোনো সহিংসতা না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যদের শরীরে সংযুক্ত করা হয়েছে বডি ওর্ন ক্যামেরা। পাশাপাশি সাঁজোয়া যান মোতায়েন এবং ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, রোববার (১৫ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, বিভিন্ন স্থাপনা ও পুলিশ বক্সে হামলা এবং সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

এদিকে সহিংসতার পর প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে। পাশাপাশি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *