বটিয়াঘাটায় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির কঠিন পরীক্ষা, ত্যাগী, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনসম্পৃক্ত নেতার খোঁজে দল
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
নির্বাচনের তফসিল নেই, নেই প্রতীকের আনুষ্ঠানিক বরাদ্দ। তবু থেমে নেই ভোটের মাঠের প্রস্তুতি। হাট-বাজার, পাড়া-মহল্লা থেকে চায়ের আড্ডা—সবখানেই ঘুরছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হিসাব-নিকাশ। খুলনার বটিয়াঘাটায় বিএনপির চেয়ারম্যান পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ এখন বেশ সরব। তবে এবার শুধু জনপ্রিয়তার দাবি কিংবা দলীয় পরিচয় নয়, প্রার্থী বাছাইয়ে ত্যাগ, সাংগঠনিক অবদান, ব্যক্তিগত ভাবমূর্তি ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাকেই বড় পরীক্ষা হিসেবে দেখছে দল।
অপরদিকে জামায়াত ইসলাম ছুটছে প্রতিটি মানুষ ও প্রতিটি পরিবারের দুয়ারে দুয়ারে।
৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে মাঠে নেমেছেন বিএনপি প্রত্যাশী। কেউ দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের কথা বলছেন, কেউ মামলা-হামলার শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরছেন, আবার কারও দাবি—নিজ নিজ এলাকায় তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। কিন্তু এত দাবির ভিড়ে দলের কাছে বড় প্রশ্ন, কে সত্যিকার অর্থে জনগণের আস্থাভাজন?
অপরদিকে জামায়াত ইসলাম প্রার্থীরা যাকে দিবেন তাকেই মেনে নিয়ে লড়াইয়ে নামবে বলে শোনা যাচ্ছে।
ত্যাগের স্বীকৃতি, নাকি জনপ্রিয়তার পরীক্ষা?
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা থাকলেও নীরবে দৌড় ঝাপ চালাচ্ছে, জামায়াত ইসলামের নেতা কর্মীরাও।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকার আলোচনা থাকলেও বিএনপির সমর্থন পেতে প্রার্থীদের আগ্রহের কমতি নেই। বরং দলীয় আশীর্বাদ পাওয়ার লড়াই এখন অনেকের কাছে নির্বাচনের আগেই বড় রাজনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
খুলনা-১ আসনের অন্তর্ভুক্ত বটিয়াঘাটা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে বিএনপি প্রার্থী আমির এজাজের বিজয়ের পর স্থানীয় রাজনীতিতে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদকে ঘিরে দলীয় মনোনয়ন ও সমর্থনের হিসাব আরও গুরুত্ব পাচ্ছে।
অপরদিকে জামায়াত ইসলাম এ আসনে সিট না পেয়ে আরও বেগবান হয়ে মাঠ চষে বেড়াচ্ছে।
৭ ইউনিয়নে বিএনপির আলোচনায় যাঁরা:
দলীয় সূত্রে আলোচনায় থাকা ও আবেদন করা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে-
১ নং জলমা ইউনিয়নে রয়েছেন এসএম রুহুল মোমেন লিটন, শেখ আশিকুজ্জামান ও মোহাম্মদ বাহাদুর মুন্সি।
২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়নে মো. ইমরান আহমেদ মোল্লা।
৩ নং গঙ্গারামপুর ইউনিয়নে মো. আসলাম হালদার, শিশির রায়, আব্দুল গনি বিশ্বাস, শেখ ইলিয়াজ হোসেন নয়ন ও মো. জাহাঙ্গীর হাওলাদার।
৪ নং সুরখালী ইউনিয়নে কামরুল ইসলাম সিপার, শেখ এনামুল হক, শেখ মো. মাসুদুজ্জামান, শেখ ওয়াহেদুজ্জামান ওহেদ, মোল্লা হামিদুর রহমান, মো. রাশেদ কামাল ও মো. করিমুল ইসলাম।
৫ নং ভান্ডারকোট ইউনিয়নে মো. শফিউজ্জামান মলঙ্গী, মো. বশিরউদ্দিন আকুঞ্জি, মো. হুমায়ুন কবির গোলদার ও মো. রকিবুল ফকির।
৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নে মো. আরিফুজ্জামান দুলু, মো. সেলিম রেজা হাওলাদার, মো. হাসান তারেক জাকি, মো. হুমায়ুন কবির, মো. আরাফাত শেখ, মো. শফিকুল মোল্লা, মো. সাইদুর রহমান শেখ ও মো. দিদার আলী শেখ।
৭ নং আমিরপুর ইউনিয়নে রয়েছেন মো. আসাদ মোল্লা, মো. জসিমউদ্দিন শেখ ও মো. বদরুজ্জামান শেখ।
প্রার্থীদের অনেকে বিগত সরকারের আমলে মামলা, হামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হওয়ার কথাও তুলে ধরেছেন। কারও কারও দাবি, নিজ নিজ এলাকায় মোট ভোটারের ৮০ শতাংশের সমর্থন তাঁদের রয়েছে। তবে এসব জনপ্রিয়তার দাবি যাচাইয়ের দায়িত্ব এখন দলের।
প্রার্থীর চেয়েও বড় প্রশ্ন—জনগণ কী চান?
বটিয়াঘাটার সাধারণ ভোটারদের প্রত্যাশা, এবার চেয়ারম্যান নির্বাচনে যেন কেবল দলীয় পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তি বিবেচনায় না আসে। তাঁরা চান এমন জনপ্রতিনিধি, যিনি নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন, আর নির্বাচনের পর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবেন না। দুর্নীতিমুক্ত মানসিকতা, স্বচ্ছতা, জবাবদিহি, সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের বিপদে পাশে থাকার মানসিকতা। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সেবা ও সরকারি সহায়তা বণ্টনে বৈষম্য দূর করাই হোক আগামী দিনের জনপ্রতিনিধিদের প্রধান অঙ্গীকার—এমন প্রত্যাশা স্থানীয়দের।
শেষ পর্যন্ত জয়ী হবেন কে—দলের পছন্দ, নাকি জনগণের আস্থা?
বটিয়াঘাটায় বিএনপির সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, অন্যদিকে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনগ্রহণযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা। ভুল প্রার্থী বাছাই হলে সাংগঠনিক শক্তি থাকলেও ভোটের মাঠে তার মূল্য দিতে হতে পারে দলকে। আবার যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থীকে এগিয়ে দিলে স্থানীয় সরকারে তৈরি হতে পারে আস্থার নতুন দৃষ্টান্ত।
শেষ পর্যন্ত কে পাবেন দলের আশীর্বাদ, তা সময়ই বলে দেবে। তবে বটিয়াঘাটার মানুষের প্রত্যাশা স্পষ্ট—চেয়ারম্যানের চেয়ার যেন ক্ষমতা, প্রভাব কিংবা ব্যক্তিস্বার্থের আসন না হয়ে ওঠে; বরং হোক জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সেবার কেন্দ্র।
কারণ, মানুষ এবার শুধু একজন চেয়ারম্যান নয়, খুঁজছে একজন জবাবদিহিমূলক জনপ্রতিনিধি।

