চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ১৮ ভরি স্বর্ণসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার উদ্ধার নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন
মোঃ জাবেদ হোসেন: চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্মে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোরে চাঁদপুর বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে ফরিদগঞ্জের বাসিন্দা ফাতেমা আক্তারের কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চাঁদপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। অভিযানে চাঁদপুরের জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১), রাব্বি হোসেন (২৪) এবং জাহিদ ওরফে গরু জাহিদকে (২১) গ্রেপ্তার করা হয়।
গত ৭ নভেম্বর কিশোরগঞ্জের মাইজকান্দি এলাকা থেকে তৃতীয় আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে ও নদীর পল্টুনের সুড়ঙ্গ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই সময় তার হেফাজত থেকে নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
অভিযানটি পরিচালিত হয় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে। এতে এসআই জিয়াউল হক জিয়া, এএসআই জহির উদ্দিনসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত কোনো আসামি পলাতক নেই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

