বটিয়াঘাটায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত, মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স: এমপি আমির এজাজ খান

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
যুবসমাজকে দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে খুলনার বটিয়াঘাটায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।

রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার সদর থানা মোড় প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে গিয়ে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। যুবকদের মেধা, দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার ও সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি।

উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুবকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ও জিয়াউর রহমান জিকু।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয় রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে দেশ ও সমাজের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *