পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
এর আগে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ব্যাটালিয়ন অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানা পুলিশের বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ অভিযানকারী দল ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। রাত আনুমানিক সোয়া নয়টায় নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বৃহৎ এই খণ্ডিত অংশটি উদ্ধার করা হয়।
পরে ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রে মূর্তির খণ্ডিত অংশটির ওজন ৮৫ কেজি পাওয়া যায়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত মূর্তিটির সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
এদিকে, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে প্রতিবেদন ও সনদ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

