১৭ ঘণ্টা পর দেলোয়ার হোসেন সাঈদীর স্বাক্ষীর দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
স্থানীয়দের বাধার মুখে দীর্ঘ ১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন করা হলো আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীকে। পরিবারের কোনো পুরুষ সদস্য এগিয়ে না আসায় স্ত্রী, মেয়ে ও বোনসহ নারী সদস্যরাই কবর খুঁড়ে তাঁর দাফন সম্পন্ন করেন।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে নিজ বাড়িতে পুলিশের নিরাপত্তায় তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
২০২৪ সালে আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে তিনি যশোরে ও গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় তার মেয়ের জামাইয়ের কাছে আশ্রয় নেন। মানিক পশারী গত ২ মাস ধরে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসুস্থ অবস্থায় মানিক পশারীর মৃত্যু হয়। দুপুরে তাঁর মরদেহ পিরোজপুরে পৌঁছালে দাফন নিয়ে বাধার সৃষ্টি হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, সেখানে বিকেল ৫টার দিকে গার্ড অব অনার শেষে নিশ্চিদ্র নিরাপত্তায় লাশ ঘিরে রাখে সদর থানা পুলিশ। পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানিক পশারীর বোনের অভিযোগ, একবার কবর খোঁড়ার পর স্থানীয়রা তা ভরাট করে দেন। পরে পরিবারের নারীরা আবার কবর খুঁড়ে দাফনের ব্যবস্থা করেন। তাঁর ভাষ্য, দাফনের সময় কোনো পুরুষ সদস্য এগিয়ে আসেননি।
তবে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক দাবি করেন, তাঁদের দলের কোনো নেতা বা কর্মী দাফনে বাধা দেননি। বরং পুলিশকে সহযোগিতা করে দাফন সম্পন্ন করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় দাফন সম্পন্ন হয়েছে এবং কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানিক পশারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী ছিলেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি যশোর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন বলে পরিবারের দেওয়া তথ্যে জানা গেছে। গত দুই মাস ধরে অসুস্থ থাকার পর তাঁর মৃত্যু হয়।

