দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদ থেকে মিসেস শ্যামলী সূত্রধরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো: আবদুর রহিম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মিসেস শ্যামলী সূত্রধর বিএনপির গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, যা দলীয় দায়িত্বশীল মহলের দৃষ্টিগোচর হয়েছে এবং সাধারণ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে অব্যাহতি প্রদান করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনুলিপি প্রেরণের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির এই কঠোর সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *