পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর: পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে পরিচালিত এ অভিযানে পৌর এলাকার বিভিন্ন ডোবা, নালা ও ড্রেনের জলাবদ্ধতা নিরসন, আগাছা অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।এ সময় জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন, পিরোজপুরের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *