বটিয়াঘাটা থানায় নতুন ওসি মোঃ মেহেদী হাসান, আইনশৃঙ্খলা রক্ষায় সামনে একাধিক চ্যালেঞ্জ
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মেহেদী হাসান। গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।
জানা গেছে, নবাগত ওসি মোঃ মেহেদী হাসানের জন্ম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। কর্মজীবনে তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয় থানা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ পুলিশের বিভিন্ন ইউনিট ও থানায় দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি বটিয়াঘাটা থানার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ করলেন।
তবে নতুন কর্মস্থলে যোগদানের পর তাঁর সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক চুরির ঘটনা, চুরির মাল উদ্ধারসহ আসামী শনাক্ত করা, গোবিন্দ বাড়ৈ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্যের বিস্তার, মোবাইল ফোনভিত্তিক অনলাইন জুয়া বা ক্যাসিনো কার্যক্রম এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এসব অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা নতুন ওসির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, অভিজ্ঞতা, পেশাদারত্ব ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে নতুন ওসি বটিয়াঘাটায় চুরি, হত্যা, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেবেন। তবে এসব ক্ষেত্রে সাফল্য নির্ভর করবে ধারাবাহিক নজরদারি, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং জনগণের সক্রিয় সহযোগিতার ওপর।
বটিয়াঘাটাবাসীর প্রত্যাশা—নিরাপদ জনপদ, অপরাধমুক্ত সমাজ এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন ওসি কার্যকর ভূমিকা রাখবেন।

