বটিয়াঘাটায় কাজিবাছা নদীতে মোবাইল কোর্ট, ১২ হাজার মিটার জাল জব্দ
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়ন এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় নদী থেকে ১২ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থান্দার কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান সহ আরও অনেকে।
অভিযানকালে কাজিবাছা নদী থেকে সর্বমোট ১২ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর এবং অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলে ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

