বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও খনি শ্রমিকরা। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে খনির প্রধান ফটক, চৌহাটি এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে উচ্চ আদালতের রায় ও নির্দেশনা অনুযায়ী নিয়োগ সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে অর্থের বিনিময়ে পছন্দের বা মনোনীত প্রার্থীদের নিয়োগ দেওয়ার অপচেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে তা বন্ধের দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। এতে লেখা ছিল— “অবৈধ নিয়োগ বাতিল কর, করতে হবে” এবং “১২৮৮/২০১৮ উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই”।
বক্তারা বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা করে কোনো একতরফা নিয়োগ প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। উচ্চ আদালতের রায়ের আলোকে আইনগত ও ন্যায়সংগত প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করতে হবে। পাশাপাশি মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত তোফায়েল আহমেদ, লিয়াকত আলী, ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান, শ্রমিকদের পক্ষে মাহাবুব হোসেন, তের গ্রামের আহ্বায়ক গোলাম মোস্তফা, শ্রমিক এরশাদসহ অনেকে।
এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, মমিনুল ইসলাম (ডাক্তার), শরিফুল ইসলাম, দীপঙ্কর মানিক শাহ ও রবিউল ইসলাম বাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের আইনগত ও ন্যায়সংগত অধিকার থেকে বঞ্চিত করে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তারা অবিলম্বে কথিত অনিয়ম বন্ধ করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।
মানববন্ধন থেকে বক্তারা দাবি আদায়ে কঠোর আন্দোলনের উচ্চারণ করেন যে তাদের এই ন্যায়সংগত দাবি দ্রুত মেনে না নেওয়া হলে খনি জ্বালিয়ে দেওয়া হবে এবং আগামীতে বড়পুকুরিয়া কয়লা খনির সার্বিক কার্যক্রম সম্পূর্ণ অচল করে
দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হব।

