পিরোজপুরে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগ সিভিল সার্জনের অভিযান টের পেয়ে পালিয়ে গেলেন কথিত ভুয়া বিশেষজ্ঞ

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুর সদর উপজেলার নড়াইলপাড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে গোলাম মাসুদ মৃধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে গেলে সিভিল সার্জনের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে চলে যান বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।রোববার (৪ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার নড়াইলপাড়ার ফেয়ার হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমানের নেতৃত্বে একটি দল ওই ক্লিনিকে গেলে সেখানে অভিযুক্ত গোলাম মাসুদ মৃধা উপস্থিত ছিলেন বলে জানা যায়। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতির বিষয়টি টের পেয়ে তিনি সেখান থেকে চলে যান।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গোলাম মাসুদ মৃধা নিজেকে এমবিবিএস ও চর্ম-যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ওই ক্লিনিকে রোগী দেখছিলেন—এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। এর আগেও খুলনার একটি ডায়াগনস্টিক ক্লিনিকে রোগী দেখার সময় তাকে দুইবার আটক করা হয়েছিল বলে জানা গেছে।
সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নড়াইলপাড়ার ফেয়ার হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একজন ব্যক্তি নিজেকে এমবিবিএস ও চর্ম-যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছেন। বিষয়টি জানতে পেরে মোবাইল কোর্ট পরিচালনার জন্য তারা সেখানে উপস্থিত হন। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সেখান থেকে চলে যান।
তিনি আরও বলেন, ক্লিনিক কর্তৃপক্ষকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভবিষ্যতে ওই ব্যক্তিকে চিকিৎসক হিসেবে বসানোর ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার বিষয়ে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি ফেয়ার হেলথ ক্লিনিক কর্তৃপক্ষ। অভিযুক্ত গোলাম মাসুদ মৃধার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *