শেরপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন ও খালে মাছের পোনা অবমুক্তকরণ করলেন ডিসি
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন ২ অক্টোবর শুক্রবার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী রেহাই অষ্টধর গ্রামের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। ওই সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নদীভাঙন পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে অবহিত হন।
পরে জেলা প্রশাসক পাঠাকাটা ইউনিয়নের সদ্য পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত করেন। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর মৎস্যসম্পদভিত্তিক জীবিকার সুযোগ সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়।
ওই সময় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত ধর, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও মৎস্যজীবী সমাজের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

