পিরোজপুরে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান: ট্রলার থেকে ২৫০ বস্তা ভারতীয় শাড়ি-থ্রি পিস উদ্ধার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুরের সন্ধ্যা নদীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ‘হাজী পেয়ার’ নামের একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাপড় ও থ্রি পিস উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে প্রায় ২৫০ বস্তা ভারতীয় কাপড় রয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করে কোস্ট গার্ড ও পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ট্রলারের ভেতরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য থাকার তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা সেটি থামাতে প্রায় ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানা গেছে।
পরে ট্রলারটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাপড় ও থ্রি পিস পাওয়া যায়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে প্রায় ২৫০ বস্তা ভারতীয় কাপড় রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে ট্রলার ও উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।অভিযানস্থলে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামসহ কোস্ট গার্ড ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রলারে মাদকদ্রব্য থাকার তথ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *