পিরোজপুরে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি-থ্রি-পিস উদ্ধার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুরের কচা নদীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রলারটি জব্দ করা হলেও এর সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়।শনিবার (৩ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল পাথরঘাটার মধ্য চরদোয়ানি ইউনিয়নসংলগ্ন বলেশ্বর নদীতে অভিযান শুরু করে। এ সময় সন্দেহজনক একটি ট্রলারকে ধাওয়া করা হয়। পরে পিরোজপুরের পুরাতন বেকুটিয়া ফেরিঘাটসংলগ্ন কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা হয়।কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক ট্রলার ‘এফবি হাজী পেয়ার’ (এফ-১১৫৪৯)-এ তল্লাশি চালিয়ে প্রায় ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রি-পিস পাওয়া যায়। প্রতিটি বস্তায় আনুমানিক ৯০ থেকে ১০০টি শাড়ি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার করা মালামালের প্রকৃত পরিমাণ ও বাজারমূল্য এখনো নির্ধারণ করা হয়নি।অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, কোস্ট গার্ড ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়েছে। মালামাল গণনা ও তালিকাভুক্ত করার পর এর পূর্ণাঙ্গ পরিমাণ জানা যাবে।
কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম জানান, বলেশ্বর নদীতে অভিযান শুরু করে একটি ট্রলার ধাওয়া করা হয়। পরে কচা নদীর পুরাতন বেকুটিয়া ফেরিঘাট এলাকায় ট্রলারটি আটক করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার পাশাপাশি উদ্ধার করা মালামাল নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *