বটিয়াঘাটায় চালককে অচেতন করে ইজিভ্যান চুরি যাত্রীবেশে ভাড়া নিয়ে পথে অচেতন করে ফেলে রেখে পালানোর অভিযোগ
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় যাত্রীবেশে ইজিভ্যান ভাড়া করে চালককে অচেতন করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় ওই চালককে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ইজিভ্যান চালক ইকবাল হোসেন ইমু (৪০) উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের কাশিয়ারডাঙ্গা গ্রামের মৃত মমিন উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কয়েকজন ব্যক্তি কাতিয়ানাংলা বাজার থেকে ইজিভ্যানটি ভাড়া করেন। তারা বটিয়াঘাটা বাজার থেকে জাহাজের তেল নিয়ে আসার কথা বলে চালক ইকবাল হোসেনকে সঙ্গে নিয়ে রওনা দেন।
পথিমধ্যে নির্জন এলাকায় যাওয়ার পর যাত্রীবেশী ব্যক্তিরা চালককে অচেতন করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা রাস্তার পাশে ইকবাল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। এরপর তাকে দ্রুত বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, যাত্রীবেশে ইজিভ্যান ভাড়া করে এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ায় চালকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে চুরি যাওয়া ইজিভ্যানটি উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে চালকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

