পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানাল পিরোজপুর জেলা পুলিশ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
বদলিজনিত কারণে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পিরোজপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথা স্মরণ করেন জেলা পুলিশের কর্মকর্তারা। এ সময় জেলা পুলিশের সদস্যদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায় বেলায় সহকর্মীদের ভালোবাসা ও আবেগঘন পরিবেশে এক হৃদয়স্পর্শী মুহূর্তের সৃষ্টি হয়।
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পিরোজপুর জেলায় কর্মকালীন সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তার এবং মামলার সঠিক তদন্তে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি জেলা পুলিশের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে তিনি সচেষ্ট ছিলেন।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও সংস্কারসহ উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করার চেষ্টা করেছেন। অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সমানভাবে গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, “বিদায় বেলায় আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দ্বারগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করতে পেরেছি। নিয়মিত পুলিশিংয়ের পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচিতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।”
পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জেলা পুলিশের সকল সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জেলাবাসীর সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় পিরোজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার জন্য জেলাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদায়ী পুলিশ সুপার।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

