বিয়ের দাওয়াতের কখা বলে জামালপুর যৌনপল্লীতে নারী পাচার, পুলিশের সহায়তায় উদ্ধার
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুর রানীগঞ্জ যৌনপল্লী থেকে এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাইলে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আমলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশার নেতৃত্বে পুলিশ ওই নারীকে উদ্ধার করে।
পুলিশ ও স্বজনরা জানায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ওই নারী(২০) প্রায় দেড় বছর আগে পরিবারের অমতে বিয়ে করে। এরপর বেকার স্বামীর সাথেই ঢাকায় বসবাস করছিলেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
সম্প্রতি স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তার স্বামী বাড়িতে চলে যায়। এর কিছুদিন পর তার স্বামী ঢাকা আসছে তাকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসতে বলে,। স্টেশনে আসার পর তার স্বামীর মোবাইল বন্ধ পায়।
এ সময় ওই স্টেশনেই ইনু নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইনু তাকে জামালপুরে আসার জন্য বলেন এবং আত্মীয়ের বিয়েতে অংশ নিয়ে পরে ঢাকায় ফিরে যাওয়ার কথা জানায়। ইনুর কথায় বিশ্বাস করে ওই নারী রাজিব পরিবহনের একটি বাসে করে জামালপুরে আসে। পরে জামালপুর পৌর বাস টার্মিনাল এলাকার ব্রিজ মোড় থেকে তাকে সরাসরি রানীগঞ্জ যৌনপল্লীতে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রাত থাকার পর ভুক্তভোগী ওই নারী বিষয়টি বুঝতে পেরে কৌশলে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করে। পরে তার এক স্বজন ঢাকার উত্তরা থেকে জামালপুরে এসে পুলিশের সহযোগিতা চান। পুলিশের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

