কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন

অনলাইন ডেস্ক : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগা ট্রেনটির নামও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কোচে হঠাৎ আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কোচটি দাউদাউ করে জ্বলতে থাকে। এ সময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

আগুন পাশের কোচে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দুর্বৃত্তদের মাধ্যমে আগুন লাগানোর আশঙ্কার কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *