বটিয়াঘাটায় মৎস্য সুরক্ষায় অভিযান, ৫টি অবৈধ পাটা ও ৫ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বটিয়াঘাটা থানা পুলিশের সহযোগিতায় নদীতে স্থাপিত ৫টি অবৈধ পাটা অপসারণ ও বিনষ্ট করা হয়। একই সঙ্গে মৎস্যসম্পদ ধ্বংসকারী প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নদী ও জলাশয়ে অবৈধ পাটা এবং নিষিদ্ধ জালের ব্যবহার মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করে। ফলে মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন মো. সেলিম সুলতান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, বটিয়াঘাটা, খুলনা। তাঁর সঙ্গে অভিযানে অংশ নেন মো. শহিদুল ইসলাম, ক্ষেত্রসহকারী এবং আসাদুজ্জামান, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। অভিযানে সার্বিক সহযোগিতা করে বটিয়াঘাটা থানা পুলিশ।

মৎস্যসম্পদ রক্ষা, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ মৎস্য শিকার বন্ধে উপজেলা মৎস্য দপ্তরের এমন কার্যকর উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকলে নদী-খাল থেকে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের ব্যবহার কমবে এবং মৎস্যসম্পদের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তরের এমন সাহসী ও সময়োপযোগী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *