চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ ১৯ স্থানে বসছে সিসি ক্যামেরা
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কের ১৯টি স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ ১৯টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত হতে না পারে, সে বিষয়ে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারাগারে থাকা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, প্রত্যেক বাবা-মাকে তাদের সন্তানদের প্রতি আরও বেশি নজর দিতে হবে। সন্তান কখন ঘুম থেকে উঠছে, রাতে কখন ঘুমাতে যাচ্ছে এবং তাদের দৈনন্দিন কর্মকাণ্ড কী—এসব বিষয়ে অভিভাবকদের খোঁজ রাখতে হবে।
তিনি আরও বলেন, সংস্কৃতিচর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে অপরাধপ্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মাদক, বিদ্যুৎ ও অন্যান্য গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানান তিনি।
সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

