খুলনায় প্রকাশ্যে যুবককে হত্যা
খুলনা মহানগরীর দৌলতপুরে মো. জলিল মুন্সি নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান বটতলার অদূরে এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি দিলুর মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুরের কুলিবাগান এলাকায় নিহত জলিলের বাবার একটি পানের দোকান রয়েছে। শনিবার সকাল পৌনে ৮টার দিকে তিনি ওই দোকানের উদ্দেশে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কথা বলার সময় তার সঙ্গে অপর প্রান্তের ব্যক্তির তর্কাতর্কি হয়।
পরে কুলিবাগান বটতলা থেকে প্রায় দুই গজ দূরে যাওয়ার পর একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তির সঙ্গে জলিলের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই তিনজনের মধ্যে একজন জলিলকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। গুলির একটি তার বুকের ডান পাশে এবং অন্যটি পিঠের বাম পাশে বিদ্ধ হয়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
দৌলতপুর থানা পুলিশের ওসি তদন্ত মো. জাহিদুল ইসলাম জানান, কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। এ সময় পুলিশের টহল দল তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে

