লালমনিরহাটে ১০৫ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি মমি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মমি বেগম (৩৪) নামে এক চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্মপুর (মাঠের পাড়) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তার মমি বেগম ওই এলাকার মৃত রমজান আলী মেম্বারের মেয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং অধিদপ্তরের তালিকাভুক্ত একজন মাদক কারবারি।

অভিযানকালে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মমি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ ও জেলা গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও সাঁড়াশি তৎপরতা চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *