লালমনিরহাটে অবৈধভাবে সার বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, লালমনিরহাট।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস।

জরিমানা পাওয়া মো. মুকুল মিয়া ওই এলাকার একজন অনুমোদনবিহীন সার ব্যবসায়ী।

কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, মান্নানের চৌপথি এলাকায় অবৈধভাবে সার মজুদ রেখে বিক্রি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানের সময় অবৈধভাবে সার মজুদ রাখা অবস্থায় মুকুল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

ইউএনও গুঞ্জন বিশ্বাস বলেন, সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার কিনতে পারেন, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *