খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি

প্রতিনিধি খাগড়াছড়ি

পাহাড়ে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপির নির্দেশনায় দীঘিনালা উপজেলার জামতলী, জগন্নাথ হিন্দুপাড়াসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছারের নেতৃত্বে নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশার হোসেন, যুগ্ম সম্পাদক ও সাবেক পার্বত্য জেলা পরিষদ সদস্য অনিমেষ চাকমা রিংকু এবং সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খনি রঞ্জন ত্রিপুরা। এছাড়াও দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, দীঘিনালা উপজেলার সাধারণ মানুষ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কৃষিজমি, ফসল, ঘরবাড়ি ও গৃহস্থালির বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার দুর্ভোগে পড়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, “মাননীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপির নির্দেশে আমরা দীঘিনালার বন্যাকবলিত মানুষের পাশে আছি। বন্যায় যাদের কৃষিজমি, ফসল, ঘরবাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। ওয়াদুদ ভূইয়া এমপি আপনাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।”

জেলা বিএনপির নেতারা আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *