মাদকের ভয়াবহতা রোধে একযোগে কাজ করার আহ্বান উখিয়ায় থানা পুলিশের মাদকবিরোধী র্যালি ও পথসভা
উখিয়া (কক্সবাজার):
“মাদককে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট বিকেল ৪টায় উখিয়া থানা পুলিশের উদ্যোগে রাজাপালং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য দেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার। এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব সাদমান জামী চৌধুরী, বিএনপি নেতা সালাম সিকদার, আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুর রহমান সিকদারসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও এলাকাবাসীকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি উখিয়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

