মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টার দিকে সীমান্তের ৬১/১২ আর পিলার সংলগ্ন গেট ব্যবহার করে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
তবে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের আগেই বিষয়টি কুসুমপুর বিওপির নিয়মিত টহল দলের নজরে আসে। এ সময় বিজিবি সদস্যরা তীব্র বাধা ও শক্ত অবস্থান নিলে বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে দিতে ব্যর্থ হয়।
বিজিবি জানিয়েছে, পুশইনের চেষ্টা করা চার ব্যক্তি বর্তমানে শূন্যরেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।##

