শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে ১৯৫ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুইটি অভিযানে ১৯৫ লিটার চোলাইমদ ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের বি.টি.আর.আই এলাকা এবং ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের বি.টি.আর.আই এলাকার পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় গঙ্গাবতী হাজরা (৫৫), ওমাবতী হাজরা (৫৭) ও সঞ্জয় দোষাদ (২৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৫ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদ এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

এরপর ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইন এলাকার পাকা রাস্তায় পৃথক অভিযান চালিয়ে আবুল কাসেম (৫৫) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০০ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

দুই অভিযানে মোট চারজনকে গ্রেফতার, ১৯৫ লিটার চোলাইমদ ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক পাচারের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *