চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে চাঁদপুরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

মোঃ জাবেদ হোসেনঃচট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর উপস্থিতিতে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬ খ্রি.) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, পুলিশের কার্যক্রম ও জনবান্ধব পুলিশিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।
পরবর্তীতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জদের সঙ্গে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় অপরাধ দমন, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জনবান্ধব ও পেশাদার পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল পর্যায়ের পুলিশ সদস্যকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
তিনি মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক ও আস্থা সুদৃঢ় করার আহ্বান জানান। একই সঙ্গে গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার, নিয়মিত নজরদারি এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *