গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঝিনাইদহে ১১ দলের র্যালি-স্মারকলিপি
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত, লোডশেডিং বন্ধ, গ্যাস-বিদ্যুতের দাম কমানো এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঝিনাইদহে র্যালি ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জোটের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে রান্নার কাজে ও শিল্পকারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিং বন্ধ করে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক ও অতিরিক্ত বিল আদায় বন্ধ, ভুল বিল দ্রুত সংশোধন, গ্যাস-বিদ্যুতের দাম কমানো এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জনগণ বৈষম্যহীন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমানে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, হামলা-মামলা ও টেন্ডারবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
র্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আব্দুল হাই, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক, হরিণাকুণ্ডু উপজেলা আমীর বাবুল হোসেন,ঝিনাইদহ ২ আসনের এমপির পিএস আলমগীর হোসেন, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা, ঝিনাইদহ জেলা আহ্বায়ক সামছুল আরেফিন কায়সার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সাইদুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
পরে জোটের নেতারা ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।##

