রাজবাড়ীর দৌলতদিয়ায় হিরোইন মামলায় ৪ জন গ্রেফতার, পলাতক নারীর আইজিপির কাছে ন্যায়বিচারের আবেদন

শেখ মোঃ বিল্লাল, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে ২০০ পুরিয়া হিরোইন উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় বুধবার পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোছা. রোজি বেগম (৬০), নিশি আক্তার (৪২), আখের আলী (৩২) ও মোছা. রিনা খাতুন (৫৪)। তারা সবাই গোয়ালন্দ ঘাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা নং-৩ (৮)/২৬ দায়ের করা হয়েছে।
অপরদিকে, মামলার পলাতক আসামি হিসেবে নাম থাকা লাইলী বেগম (৪০) দাবি করেছেন, অভিযানের সময় তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পূর্বকান্দি গ্রামে তার স্বামী ইব্রাহিম প্রামানিকের বাড়িতে অবস্থান করছিলেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি নির্দোষ এবং একটি কুচক্রী মহলের সহযোগিতায় তাকে মামলার ৫ নম্বর আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনি মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)-এর কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আবেদন করেছেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রোজি বেগমের বিরুদ্ধে পূর্বে ১২টি মাদক মামলা রয়েছে। তিনি বলেন, মামলাটি আইনগত প্রক্রিয়ায় তদন্তাধীন রয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রিনা, লাইলী, জাহাঙ্গীর ও আজিজকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের প্রেক্ষাপটে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *