বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয় পরিদর্শন শেষে বিলে অবৈধ নেট জাল উচ্ছেদে অভিযানে বাহবা কুড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান।
খুলনার বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান ‘বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়’ পরিদর্শন শেষে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় তাৎক্ষণিকভাবে অবৈধ নেট জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ, নিয়মিত পাঠদান ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে ফেরার পথে ইউএনও কিসমত ফুলতলা বিলে দীর্ঘ আকৃতির কয়েকটি অবৈধ নেট জাল দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি জালগুলো উদ্ধার করে ধারালো দা দিয়ে কেটে নষ্ট করে দেন। জালে আটকে থাকা অসংখ্য ছোট মাছের পোনা বিলের পানিতে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত স্থানীয়দের উদ্দেশে ইউএনও বলেন, ছোট মাছের পোনা ধ্বংস হয়—এ ধরনের অবৈধ নেট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি মসজিদ ও মন্দিরে মাইকিং বা ঘোষণা দিয়ে সবাইকে সচেতন করার আহ্বান জানান। পাশাপাশি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের জাল ব্যবহার করে ধরা পড়লে তার বিরুদ্ধে আইন অনুযায়ী জেল ও জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান শেষে উদ্ধার করা অবৈধ জালগুলো ভ্যানে করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থানীয়রা ইউএনওর এই তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে বিলের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলার সিও আব্দুস সামাদ আজাদ, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সেখ মোঃ রাসেল হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

