পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, মানবিক আবেদনমূলক প্রতিবেদন ও ফিচার লেখা, পুলিশের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক মাহামুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী এবং কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাস। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।প্রশিক্ষণে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান ‘পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক’ বিষয়ে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ‘সাংবাদিকতায় নীতি-নৈতিকতা’ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি ঘোষণা করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *