পিরোজপুরে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পার্শ্ববর্তী জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক আবু সাঈদের নেতৃত্বে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ এবং বিভিন্ন সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আদর্শ ও চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে জুলাই শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে পিরোজপুরে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *