বটিয়াঘাটায় ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: আনন্দঘন পরিবেশে শ্রী জগন্নাথ দেবের অনুসারীরা রথযাত্রা’র শোভাযাত্রা অনুষ্ঠিত
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় অতিবৃষ্টিকে উপেক্ষা করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের অনুসারীরা রথযাত্রা শোভাযাত্রা উৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ রথযাত্রায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয় প্রশাসন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় পুরো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মীয় স্বাধীনতা নিয়ে নানা আলোচনা ও উদ্বেগ থাকলেও, বটিয়াঘাটার এই আয়োজন বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সহনশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়েছে। আয়োজকরা জানান, সকল ধর্মের মানুষের আন্তরিক সহযোগিতা ও শুভেচ্ছার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব সম্পন্ন হওয়ায় তারা আনন্দিত।
স্থানীয় সচেতন মহলের মতে, ইন্ডিয়াতে প্রকাশ্যে ইসলাম ধর্মের নিয়ম কানুন মানতে অসংখ্য জীবন দিতে হচ্ছে সেখানে বাংলাদেশ সত্যিই ধর্মীয় সম্প্রিতির দেশ হিসেবে বার বার প্রমাণ করে চলেছে। বাংলাদেশের সংবিধান ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির চেতনাকে ধারণ করে। বটিয়াঘাটার এই শান্তিপূর্ণ রথযাত্রা সেই চেতনারই একটি বাস্তব উদাহরণ।
রথযাত্রার সার্বিক তত্ত্বাবধান করেন রাজিব গোলদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুখদেব সাহা, সাধারণ সম্পাদক: স্বপন দত্ত, সাবেক সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য রমা রানী গোলদার, উজ্জ্বল দত্ত, হৃদয় সাহা, মুকুল আদ্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিবৃষ্টির মধ্যেও ভক্তরা ভজন-সংকীর্তন, ধর্মীয় সঙ্গীত ও জয়ধ্বনির মাধ্যমে রথযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বটিয়াঘাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, আবহাওয়া প্রতিকূল থাকলেও ভক্তদের উৎসাহ ও ধর্মীয় অনুভূতির কারণে রথযাত্রা অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

