খুবিতে প্রেজেন্টেশন অন কেইউ এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ইপিআর) সিস্টেম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক এবং গতিশীল করার লক্ষ্যে ‘প্রেজেন্টেশন অন কেইউ এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ইপিআর) সিস্টেম’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে আজ ১৩ জুলাই (সোমবার) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, কেইউ ইপিআর সিস্টেম বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল উদ্ভাবিত একটি ডিজিটাল প্লাটফর্ম। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের স্টেকহোল্ডারের সুবিধার্থে নানবিধ কার্যক্রমকে একটি প্লাটফর্মে আনা সম্ভব হবে। এর দ্বারা সেবাগ্রহীতার গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা সাশ্রয় হওয়ার পাশাপাশি সেবাদান প্রক্রিয়াও সহজ, গতিশীল ও জবাবদিহিতামূলক হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ইপিআর সিস্টেম একটি যুগোপযোগী বিষয়। এই সিস্টেমে বিশ্ববিদ্যালয়ের সবক্ষেত্রে কম্পিউটিং, লোকবল, ইন্টারনেটসহ বিভিন্ন আধুনিক ফ্যাসিলিটি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এটি আরও কার্যকর হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।
আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন কর্মশালাটির সভাপতিত্ব করেন এবং প্রেজেন্টেশনের মাধ্যমে কেইউ ইপিআর সিস্টেম সফটওয়্যারের বিভিন্ন ব্যবহারিক বিষয় উপস্থাপন করেন। এসময় বিভিন্ন স্কুলের ডিন, গ্রন্থাগারিক, প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, এক্সিকিউটিভ এডিটর (কেইউ স্টাডিজ) এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *