ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মাহবুবা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে তরুণরাই উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় তরুণদের সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি আরও বলেন,তরুণরা ফিরলে বাংলাদেশ ফিরবে। তাই তাদের মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাঠকর্মী এবং অফিস প্রধানদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *