খুবির পরিবহন পুলে কর্মরত ড্রাইভার ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল ও ভিশনস্প্রিং বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে পরিবহন পুলে কর্মরত ড্রাইভার ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান শুরু হয়েছে। আজ ১২ জুলাই (রবিবার) সকাল ১০.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল ক্লাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, যানবাহন চালনার ক্ষেত্রে ড্রাইভার এবং হেল্পারদের দৃষ্টির স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। চালকের দৃষ্টিশক্তি কম বা ঝাপসা দেখার কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে চালক এবং সহযোগীদের নিয়মিত চক্ষু পরীক্ষা করা জরুরি। ভিশনস্প্রিংয়ের বিনামূল্যের এই সেবাদান কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে পরিবহন চালক ও সহযোগীদের আরও ভালোভাবে পরিবহন চালনায় অবদান রাখবে।
উপাচার্য ভিশনস্প্রিংয়ের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও এই সেবার আওতায় আনার আহ্বান জানান।
পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে চক্ষুসম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ভিশনস্প্রিং বাংলাদেশ প্রজেক্টের পরিচালক মোহাম্মদ শাহরোজ জলিল। আরও বক্তব্য রাখেন প্রজেক্টের সহযোগী পরিচালক (ভিএপি) উম্মে সাউদা। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের উপ-প্রধান প্রকৌশলী শাহ নওরোজ, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *