বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে খেরুদিয়া এলাকায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খেরুদিয়া এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গত ৮ জুলাই, বুধবার বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ সংস্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এ. টি. এম. আব্দুল মতিন (তাহের)। উদ্বোধনকালে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনসাধারণের দুর্ভোগ দূর করতে সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি সমাজসেবা ফাউন্ডেশনের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্তার হোসেন বকাউল। তিনি বলেন, খেরুদিয়া এলাকার জনগণের দীর্ঘদিনের চলাচলের কষ্ট লাঘব করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসেবামূলক কার্যক্রমে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের সহ-সমন্বয়ক তাজুল ইসলাম তাজ, মো. আল আমিন, মো. রাব্বি, মো. ইউসুফ, মো. পানতো, মো. দুদু খান, মো. সাগর, মো. সাব্বির, মো. মুন্না, মো. তানভিরসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা সংস্কারের উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপস্থিত বক্তারা বলেন, বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, মানবসেবা, অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও জনস্বার্থে আরও উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
