ডেইরি খামারের বর্জ্যে খাল দখল: এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে আক্তার হোসেন বকাউল

স্টাফ রিপোর্টার:চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম বিষ্ণুপুর এলাকায় একটি ডেইরি খামারের বর্জ্যের কারণে স্থানীয় প্রায় চার শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত ২৬ জুন জাতীয় দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে চাঁদপুর সদর ও হাইমচর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের। তাঁর নির্দেশে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. আক্তার হোসেন বকাউল।
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ ও সমস্যার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি আশ্বাস দিয়ে বলেন, খুব দ্রুত খাল থেকে ডেইরি খামারের বর্জ্য অপসারণ করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের সহ-সমন্বয়ক তাজুল ইসলাম তাজ, ইউপি গ্রাম পুলিশ আলমাস, আনু ও কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মো. আল আমিন, মো. রাব্বি, মো. ইউসুফ, মো. পানতো, মো. দুদু খান, মো. সাগর, মো. সাব্বির, মো. মুন্না, মো. তানভিরসহ আরও অনেকে।
এ বিষয়ে মো. আক্তার হোসেন বকাউল বলেন, “জাতীয় দৈনিক আওয়ার বাংলাদেশ-এ সংবাদ প্রকাশের পর মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশে আমি বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের সদস্য ও ইউপি গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পাই। দেখা যায়, গফুর ডেইরি ফার্মের গরুর গোবর ও অন্যান্য বর্জ্য খালে ফেলার কারণে খালটির স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আমি গফুর ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি খুব দ্রুত খাল থেকে বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছেন। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রাখব এবং স্থানীয় জনগণের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *