ফরিদগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ জাবেদ হোসেন: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে মো. রিমন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের নুর পাটওয়ারীর পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিমন চরমুঘুয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে রিমনের চাচা এমরান হোসেন লিটন বিষয়টি স্থানীয়দের জানান। পরে তারা ঘরের জানালা খুলে ভেতরে আড়ার সঙ্গে রিমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, রিমনের বাবা আবুল কাশেম মারা যাওয়ার পর প্রায় দেড় বছর আগে তার মা ফতেমা বেগম দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে রিমন বিভিন্ন বখাটে যুবকের সঙ্গে মেলামেশা করতেন এবং প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতেন। এ নিয়ে পারিবারিক অশান্তি ছিল বলে স্বজনদের দাবি।
নিহতের মা ফতেমা বেগম জানান, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে এক প্রতিবেশীর মাধ্যমে তিনি রিমনের খোঁজ নিয়েছিলেন। তখন জানতে পারেন, রিমন স্থানীয় বাজারে গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *