দুই দফা দাবিতে পিরোজপুরসহ সারাদেশে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে পিরোজপুরসহ সারাদেশের শাখা ডাকঘরগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বাংলাদেশ ডাক বিভাগের আওতাধীন দেশের প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নিয়েছেন।
জানা গেছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ডাক বিভাগের ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে প্রায় ২৩ হাজার ২১ জন কর্মচারী কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা স্বল্প সম্মানী ভাতায় দায়িত্ব পালন করে আসছেন। তাদের দাবি, সরকারি ডাকঘরের কর্মচারীদের মতো একই ধরনের দায়িত্ব পালন করলেও তারা ন্যায্য বেতন-ভাতা ও বিভাগীয় কর্মচারীর মর্যাদা থেকে বঞ্চিত।আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি পালন করছেন।পিরোজপুর জেলার বিভিন্ন শাখা ডাকঘর ঘুরে ধর্মঘট পালন করতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শাখা পোস্টমাস্টার বলেন, “আমরা এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও সরকারি ডাকঘরের কর্মচারীদের মতোই সব ধরনের কাজ করি। অথচ আমাদের সম্মানী ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশের বেতনের চেয়েও কম। এ অবস্থায় পরিবার নিয়ে চলা অত্যন্ত কষ্টকর।”বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ ধর্মঘট দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ।

