কালীগঞ্জ পিআইও কার্যালয়ের অফিস সহায়ক মহিদুল ইসলাম পিন্টুর বদলি,আদেশ ঠেকাতে তদবিরের অভিযোগ
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের অফিস সহায়ক (আউটসোর্সিং) মহিদুল ইসলাম পিন্টুকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গত ৬ জুলাই ২০২৬ তারিখে জারি হওয়া ওই আদেশে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
তবে বদলির আদেশ কার্যকরের পরও তিনি কালীগঞ্জে বহাল থাকার জন্য বিভিন্ন মহলে তদবির চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, বদলির আদেশ বাস্তবায়ন বিলম্বিত করতে তিনি বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলেও জানা গেছে।
এদিকে বদলির বিষয়টি সামনে আসার পর তার বিরুদ্ধে দীর্ঘদিনের বিভিন্ন অনিয়মের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের অভিযোগ, দায়িত্ব পালনকালে তিনি অফিস চলাকালীন সময়ে অফিস কক্ষেই ধূমপান করতেন, যা সরকারি অফিসের পরিবেশ ও শৃঙ্খলার পরিপন্থী। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে আলোচিত ছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
যা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ২০১৩ সালের সংশোধনী অনুযায়ী সরকারি অফিসসহ জনসমাগমস্থলে ধূমপান দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
বদলির বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,মহিদুল ইসলাম পিন্টুকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে সচেতন মহলের দাবি, সরকারি দপ্তরের শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান অক্ষুণ্ন রাখতে বদলির আদেশ দ্রুত কার্যকর করা এবং তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।#৳

