বটিয়াঘাটায় আউশ ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় চলতি মৌসুমে আউশ ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের আগ্রহ বৃদ্ধির ফলে এ বছর আউশ চাষের পরিধিও বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক এর সাথে কথা বলে জানা যায়, এ বছর বটিয়াঘাটা উপজেলায় মোট ৪৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হচ্ছে। এর মধ্যে ৪৩ হেক্টর জমিতে রোপণ পদ্ধতিতে এবং বাকি ২ হেক্টর জমিতে বপন পদ্ধতিতে চাষাবাদ চলছে। তিনি আরও জানান, ইতোমধ্যে ৩৩ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই অবশিষ্ট জমির আবাদও শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বটিয়াঘাটা উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ১ নং জলমা ইউনিয়নে সবচেয়ে বেশি আউশ ধানের চাষ হচ্ছে। এর পরেই রয়েছে ৭ নং আমীরপুর ইউনিয়ন। কৃষি বিভাগের মতে, আউশ চাষে লাভজনক ফলন এবং অনুকূল পরিবেশ থাকায় বটিয়াঘাটার কৃষকদের মধ্যে এ ফসলের প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

