মেঘনা নদীতে চাঁদপুর নৌ থানা পুলিশের বিশেষ অভিযান: ৯ জন গ্রেফতার

মোঃ জাবেদ হোসেন: চাঁদপুরের মেঘনা নদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নদীপথে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২ জুলাই রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর নৌ থানার ইন্সপেক্টর মোঃ আজমগীর হোসেনের নির্দেশে কর্মরত এসআই সুফল সিংহের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও বিভিন্ন নৌযান পর্যবেক্ষণ করা হয়। এ সময় ৯ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আমাজাত (৪৫), আনিসুর রহমান (২০), মোঃ রাকিব (১৮), আল আমিন (২০), এমরান (১৯), হৃদয় মোল্লা (২৩), নবির হোসেন (৩৪), ছিয়াম (২৩) এবং মোঃ আবজাল হোসেন (৩৫)।
চাঁদপুর নৌ থানা সূত্রে জানা যায়, নদীপথে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে উল্লিখিত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নদীকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নদীপথকে নিরাপদ রাখতে নৌ থানা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *