পিরোজপুরে হিটওয়েভ মোকাবিলায় শ্রমজীবী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টা, পিরোজপুর:
প্রচণ্ড তাপপ্রবাহে খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দেশব্যাপী ‘হিটওয়েভ’ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে ছাতা বিতরণ করা হয়েছে।বুধবার (১ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন এলাকায় রিকশাচালক, মুচি ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের মাঝে ছাতা বিতরণ করা হয়। তীব্র রোদে দীর্ঘ সময় কাজ করতে হয়—এমন প্রান্তিক শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপপ্রবাহের প্রকোপ বাড়ছে। এ পরিস্থিতিতে খোলা জায়গায় কর্মরত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ছোট ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক দায়িত্ববোধ থেকেই রেড ক্রিসেন্ট এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে।”
এ সময় রেড ক্রিসেন্টের কর্মকর্তা, ইউনিটের সদস্য এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। ছাতা বিতরণের পাশাপাশি তাপপ্রবাহে নিরাপদ থাকতে পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে অবস্থান না করা এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।ছাতা পেয়ে উপকারভোগীরা রেড ক্রিসেন্টের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রচণ্ড রোদে কাজের সময় একটি ছাতা তাদের জন্য কার্যকর সুরক্ষা হিসেবে কাজ করবে এবং দৈনন্দিন কর্মজীবনে অনেকটা স্বস্তি এনে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *