ঝিনাইদহে যুবক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, দু’জনের খালাস

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের যুবক মুকুল মালিক হত্যা মামলায় ৩ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ছহিরুদ্দিনের মেয়ে এবং চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা ডাওকি গ্রামের মুকুল মল্লিকের স্ত্রী ফিরোজা খাতুন, হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মিঠু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও মনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন(পলাতক)। তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। অপরদিকে একই মামলার আসামি ফারুক হোসেন ও মাসুদ রানা’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে পারিবারিক বিষয় নিয়ে দন্ডপ্রাপ্ত আসামি ফিরোজা খাতুনের সঙ্গে মুকুল মালিকের বিরোধ হয়। ওই রাতেই মুকুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১৩ আগস্ট গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠের একটি ধানক্ষেতের গর্ত থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বিশ্বাস হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত ৩ আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে।
রায়ে আদালত দন্ডপ্রাপ্ত আসামিদের পূর্বে ভোগ করা হাজতবাসের সময় দন্ডের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেন। একই সঙ্গে খালাসপ্রাপ্ত আসামিদের জামিননামার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট আব্দুর রশিদ এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট সাদাতুর রহমান, এ্যাডভোকেট শামিউল ইসলাম ও এ্যাডভোকেট মোঃ আশরাফুল আলম জোয়ার্দ্দার।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *