মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পিরোজপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং মাদকবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
সভায় বক্তারা আগামী ২৬ জুন পালিতব্য মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।সভায় দিবসটি সফল ও তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

