খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স: থিওরিস, অপরচুনিটিস এন্ড প্রাকটিক্যাল মেথডোলজিস’ শীর্ষক কর্মশালা আজ ২০ জুন (শনিবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গবেষণার ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত এবং মানসম্পন্ন গবেষণার জন্য দীর্ঘ সময় ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। একটি ডিসিপ্লিনের সঙ্গে অন্য ডিসিপ্লিনের সমন্বয়ে পরিচালিত গবেষণাই হলো কোলাবরেটিভ রিসার্চ। বর্তমান সময়ে বিষয়ভিত্তিক গবেষণার পাশাপাশি বহুমাত্রিক ও মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণার গুরুত্ব ক্রমেই বাড়ছে। গবেষণার ফলাফলকে অবশ্যই মানবকল্যাণে কাজে লাগাতে হবে এবং সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, গবেষণার সঙ্গে নানা ধরনের বিষয় ও চ্যালেঞ্জ জড়িত থাকে। সামাজিক ও জাতীয় পর্যায়ে ইতিবাচক অবদান রাখাই গবেষণার অন্যতম উদ্দেশ্য। একজন গবেষকের দৃষ্টিভঙ্গি হতে হবে উন্মুক্ত ও অনুসন্ধিৎসু। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে গবেষণার ক্ষেত্র ও সম্ভাবনাও সম্প্রসারিত হচ্ছে। কোলাবরেটিভ রিসার্চবিষয়ক এ কর্মশালা বিশ্ববিদ্যালয়ে একটি কার্যকর গবেষণা-ইকোসিস্টেম গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে।
সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর মোছাঃ তাসলিমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সেশনে কোলাবরেটিভ রিসার্চের বিভিন্ন দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষকরা কোলাবরেটিভ রিসার্চের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং ভবিষ্যতে মাল্টি-ডিসিপ্লিনারি ও কোলাবরেটিভ রিসার্চ কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *